কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সব বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মুখ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকার সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিয়েছে। তারা শুধু লুটপাট করেছে, চিকিৎসার মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি। বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আরো উন্নত চিকিৎসা সেবা চালু করা হবে। যেখানে ৫০ শয্যার হাসপাতাল রয়েছে, সেগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। দেশের কোনো মানুষ যাতে চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সে লক্ষে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা।
জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দীর্ঘদিন চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সঙ্কট থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এ ছাড়া হাসপাতালটিতে দীর্ঘদিন যাবৎ এক্স-রে পরীক্ষা, সিজারিয়ানসহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।



