সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Tala

সাতক্ষীরায় তালা উপজেলায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, নিজেদের খামারের জন্য মাছ আনতে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম ও মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে আটকে গেলে ঘটনাস্থলেই নিহত হন চালক নাসিম আলী ফকির। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।