পদ্মাসেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২২ লাখ টাকা

ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ঘরমুখো মানুষের যানবাহনের চাপ অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে ধীরে ধীরে যান পারাপারের সংখ্যা ও টোল আদায় আগের তুলনায় বেড়ে চলেছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
পদ্মাসেতুর টোল প্লাজা
পদ্মাসেতুর টোল প্লাজা |নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুতে যানবাহনের চলাচল কিছুটা বাড়লেও তা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও সেতু সংশ্লিষ্টরা। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে তিন কোটি ২২ লাখ টাকা।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

তিনি জানান, ঈদ উপলক্ষে এখন পর্যন্ত ঘরমুখো মানুষের যানবাহনের চাপ অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে ঈদ যত ঘনিয়ে আসছে ধীরে ধীরে যান পারাপারের সংখ্যা ও টোল আদায় আগের তুলনায় বেড়ে চলেছে।

গত কয়েকদিনের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা উভয়প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৮৭টি। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে তিন কোটি ২২ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

আগের দিন বুধবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরাসহ দুই প্রান্ত দিয়ে মোট ২১ হাজার ২৫০টি যানবাহন পারপার হয়েছে। এতে দুই প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৮৬ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরাসহ দুই প্রান্ত দিয়ে মোট যানবাহন পারপার হয়েছে ১৯ হাজার ৫৩৩টি। এতে দুই প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গেলো বছরের দুই ঈদকালীন যাত্রার সাতদিনের এক পরিসংখ্যান অনুযায়ী ঈদুল ফিতরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার এবং ঈদুল আজহায় সাড়ে ৩৩ হাজার যানবাহন পারাপার করা হয়েছিল। সে সময় ঈদুল ফিতরে দৈনিক গড়ে টোল আদায় হয়েছিলো প্রায় তিন কোটি তিন লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ঈদুল আজাহার সময় দৈনিক গড়ে টোল আদায় হয়েছিলো প্রায় তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। তবে ঈদের আগ মুহুর্তে আগামী দু’একদিনের মধ্যে যান চলাচল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকৌশলী আবু সায়াদ নিলয় আরো জানান, ঈদযাত্রা আরো নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পদ্মাসেতুতে ইটিসি সুবিধাসহ দুই প্রান্তে সবমিলিয়ে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল থাকছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশীদ আজ বেলা ১১টার দিকে নয়া দিগন্তকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল কিছুটা বাড়লেও তা চলমান রয়েছে। তবে ঈদের ছুটি শুরু হলে আগামী রোববারের পর ঈদে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।