টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

‘টাঙ্গাইলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমজীবী ভাইদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে |নয়া দিগন্ত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার ও আহত পাঁচ পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেয়া হয়।

জানা যায়, গত ২৫ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রডবোঝাই একটি ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার নয়জন ও নিয়ামতপুর উপজেলার একজনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলার আমির খন্দকার মো: আবদুর রাকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো: নাসির উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘টাঙ্গাইলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমজীবী ভাইদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আমরা নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।’