ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯১ নম্বর পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়।
তদন্তে নেতৃত্ব দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহানা ইয়াসমিন। এ সময় উপজেলা প্রকৌশলীর একজন প্রতিনিধি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
তদন্তকালে ভবনটি সরেজমিনে পরিদর্শন করা হয়। একই সাথে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত বিভিন্ন বিষয় তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভবন পরিদর্শন ও নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।’
এর আগে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষা অনুরাগী ও স্থানীয় সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্লাস্টার ও রঙের কাজে ত্রুটি, দৃশ্যমান ফাটল এবং অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না হওয়ার বিষয় তুলে ধরা হয়।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্ণয় এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর বাপ্পি কুণ্ডু তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নতুন ভবনে ছোটখাটো কিছু ত্রুটি থাকতে পারে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে তা দ্রুত সংশোধন করা হবে।
এদিকে, বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



