নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ‘পার্বত্য শান্তি চুক্তি’ বাতিলসহ তিন দফা দাবি উপস্থাপন করেছে। সংগঠনটি বলছে, পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি ও বৈষম্যহীন সমাজ গঠনে নতুন নেতৃত্বকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো: হাবীব আজম স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানায় সংগঠনটি। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিন দফা দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনগণের এই আস্থা পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রতি এক গভীর প্রত্যাশার প্রতিফলন। পিসিসিপি বিশ্বাস করে, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বই পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
তবে অভিনন্দনের পাশাপাশি পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে তিন দফার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রথমত, পাহাড়ে সব জাতিগোষ্ঠীর মাঝে প্রকৃত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সংসদে উত্থাপন করে বাঙালি-অবাঙালি নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান সুযোগ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
দ্বিতীয়ত, পাহাড়ের মানুষের ভূমি ও বসবাসের নিরাপদ অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। জলবায়ু উদ্বাস্তুসহ ভূমিহীন পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছে সংগঠনটি।
তৃতীয়ত, বিভেদমূলক রাজনীতি পরিহার করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সামাজিক সহাবস্থানের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সাথে ভয়মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস বলেন, ‘পার্বত্য অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী মডেল হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে সংগঠনটি।’
বিবৃতিতে আরো আশা প্রকাশ করা হয়, নতুন সংসদ সদস্যরা জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাহাড়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।



