বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন উদ্যোক্তা রাকিব গাজী। স্বপ্ন ছিল ব্যবসা করে ঋণ পরিশোধ করে সুন্দর জীবন গড়ার। কিন্তু আগুনের লেলিহান শিখায় তার সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এখন ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা উদ্যোক্তা রাকিব।
রোববার (২২ মার্চ) রাতে বরগুনার আমতলী উপজেলার উত্তর রাওঘা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর রাওঘা গ্রামের রফিক গাজীর ছেলে রাকির গাজী ২০২৩ সালে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে তিন লাখ টাকা ঋণ নিয়ে মুদিমনোহরি ব্যবসা শুরু করেন। গত তিন বছরে ব্যবসা জমিয়ে ফেলেন উদ্যোক্তা রাকিব। মুদিমনোহরি ব্যবসার পাশাপাশি বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসাও করেন তিনি। এ ব্যবসার আয় দিয়ে চলে তার পরিবারের ভরণপোষণ।
রোববার গভীর রাতে রাকিব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। এমন মুহূর্তে স্থানীয়রা খবর দেয় তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তাৎক্ষনিক স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের সমুদয় মালামালা ও নগদ দুই লাখ টাকা পুড়ে ছাই হয়ে যায়। নগদ দুই লাখ টাকাসহ তার অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রাকিব।
উদ্যোক্তা রাকিব গাজী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি কিভাবে এনজিওর ঋণ পরিশোধ করব? কিভাবে সংসার চালাব, তা ভেবে পাচ্ছি না। আমার পথে বসা ছাড়া উপায় নেই।’
তিনি আরো বলেন, ‘নগদ দুই লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’
আমতলী বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: কবির হোসেন বলেন, আগুনের লেলিহান শিখায় ঘর ও ঘরের সমুদয় মালামলা পুড়ে ছাই হয়ে যায়। উদ্যোক্তা রাকিবের পথে বসা ছাড়া কোনো উপায় নেই।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তি আবেদন করলে তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে।



