ইঞ্জিন বিকল পাহাড়িকা এক্সপ্রেসের

সাড়ে ৬ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

‘দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
ইঞ্জিন বিকল হওয়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা পড়েছে পাহাড়িকা এক্সপ্রেস
ইঞ্জিন বিকল হওয়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা পড়েছে পাহাড়িকা এক্সপ্রেস |নয়া দিগন্ত

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা পড়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন (লোকোমেটিভ) বিকল হয়ে যায়। ফলে ওই রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

শ্রীমঙ্গর রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে লাউয়াছড়ায় আটকা পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।’

তিনি আরো বলেন, ‘পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের জন্য শায়েস্তাগঞ্জ থেকে একটি ইঞ্জিন পাঠানো হলে সেটিও ঘটনাস্থলে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে ওই ইঞ্জিনটি সচল হলে পাহাড়িকা এক্সপ্রেসকে পিছনে ঠেলে ভানুগাছ স্টেশনে নেয়া হয়। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।’

স্টেশন মাস্টার বলেন, ‘দীর্ঘ সময় রেললাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।’