টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সাংবাদিকরা প্রশিক্ষণে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।’
শনিবার (২৫ জুলাই) সিলেটের হোটেল ক্রাউন পার্কের হল রুমে অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক টিআইবি আয়োজিত দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলা থেকে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ৪১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম অধিবেশনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা বাবু।
ডেটা সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বিশেষভাবে সরকারি ক্রয়ে দুর্নীতি-অনিয়ম উদঘাটনসহ উন্মুক্ত ডেটা ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেষ অধিবেশনে ডেটা সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারের পদ্ধতি এবং সঠিকভাবে এআই ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন বিষয়ে বিষদ আলোচনা করেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (ডেটাভিজুয়ালাইজেশন) রিফাত রহমান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এর আগে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরণের প্রশিক্ষণ তাদের খুব ভালো লেগেছে।
তারা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য সমৃদ্ধ করা সম্ভব এবং সাংবাদিকতার মান বৃদ্ধিতে সহায়ক হবে। এতে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখা যাবে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর পক্ষ থেকে সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নয়া দিগন্তের বিশেষ স্মারক ‘রাষ্ট্রনায়ক’ ও ‘৩৬ জুলাই’ সংখ্যা টিআইবি প্রধান ড: ইফতেখারুজ্জামানের হাতে তুলে দেন নয়া দিগন্তের সিলেট ব্যুরোচিফ আবদুল কাদের তাপাদার।



