রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চলের অন্যতম শিল্পসমৃদ্ধ এলাকা নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার পথে তিনি শিল্প নগরীটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিল্পমন্ত্রী কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং একটি নতুন খাদ্যপণ্য উৎপাদন কারখানার উদ্বোধন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী বলেন, বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চল কৃষিসমৃদ্ধ হওয়ায় এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং নতুন শিল্প কারখানা স্থাপনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিসিক শিল্পনগরীগুলো সুনির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হয়। রংপুর বিভাগের যেসব বিসিক এলাকায় নতুন করে জমি অধিগ্রহণ প্রয়োজন, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক। বিশেষ করে অকৃষি ও একফসলি জমিকেই অগ্রাধিকার দেয়া হবে। প্রয়োজনে বিকল্প স্থানে নতুন বিসিক নগরী বা শিল্প জোন গড়ে তোলা হবে।
পাটশিল্প প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, পাটজাত পণ্যের উৎপাদন বাড়িয়ে ধীরে ধীরে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। এজন্য পর্যাপ্ত পাটের জোগান নিশ্চিত করা জরুরি। বর্তমানে দেশে বছরে প্রায় ৬ হাজার টন পাটের চাহিদা রয়েছে, যার বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই দেশীয় উৎপাদন বাড়াতে সরকার পাটচাষ সম্প্রসারণ ও উন্নত পাটবীজ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরো বলেন, শুধু কাঁচা পাট রপ্তানি নয়, পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়াতে সরকার কাজ করছে। একই সঙ্গে প্লাস্টিক পণ্যের কাঁচামাল আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মুহাম্মাদ নায়িরুজ্জামান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সৈয়দপুর জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পুসহ বিসিক শিল্প নগরীর কর্মকর্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে সন্ধ্যায় শিল্পমন্ত্রী আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে শনিবার সকালে তিনি বিমানে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে পঞ্চগড়ে যান। সেখানে দেবীগঞ্জ এলাকায় চিনি উৎপাদনে আখের বিকল্প ফসল সুগারবিটের বাণিজ্যিক চাষ কার্যক্রম পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।



