চাঁদপুর সদরে জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা।
আহতরা হলেন জেলার মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক রায়হান (৩০) ও বাইশপুরের মো: কবির (৪০)।
স্থানীয় বাসন্দিা ও আহতরা জানায়, দ্রুতগামী জৈনপুর পরিবহনের বাসটি চাঁদপুরে আসার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে আলিকার দোকান সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে অটোরিকশা চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বেপরোয়া গতি ও রোড পারমিট না থাকায় চাঁদপুরে ও এর আশপাশের সড়কে জৈনপুর পরিবহন প্রায়ই অন্য ছোট যানবাহন ও অটোরিকশার সাথে দুর্ঘটনার সৃষ্টি করে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছেন না।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আসিবুল আহসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিনের মৃত্যু হয়েছে। আহত চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবার থেকে এখন পর্যন্ত কেউ আসেননি। আহতদের চিকিৎসার চলছে। জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।’



