ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা এবং ভারতীয় নাগরিকদের জোরপূর্বক ‘পুশইন’ (অনুপ্রবেশ) বন্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
শুক্রবার (১২ জুন) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা এবং পুশইন দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি অবিলম্বে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের ঘটনা বন্ধ না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সীমান্ত সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



