নিখোঁজের ১ দিন পর ধলাই নদী থেকে শিশুর লাশ উদ্ধার

শনিবার (২৭ জুন) রাতে নিজ বাড়ির সামনে গ্রামীণ সড়কের সংস্কার কাজ দেখছিল তামিম। এ সময় তার শরীরে কাদা ছিটকে পড়লে সে বাড়িতে গিয়ে পরনের টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
নিহত শিশু তামিম ইকবাল
নিহত শিশু তামিম ইকবাল |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে নিখোঁজের এক দিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাতে নিজ বাড়ির সামনে গ্রামীণ সড়কের সংস্কার কাজ দেখছিল তামিম। এ সময় তার শরীরে কাদা ছিটকে পড়লে সে বাড়িতে গিয়ে পরনের টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও গ্রামবাসী রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার দুপুরে ধলাই নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দীন বলেন, খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রয়োজন হলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে।