নাটোরে বিমানমন্ত্রীর সভাস্থল থেকে পিস্তলসহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক

নাটোরে উত্তরা গণভবনের সামনে পথসভা করার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সভাস্থলের পাশ থেকে পিস্তলসহ যুবককে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে বিমানমন্ত্রীর সভাস্থল থেকে পিস্তলসহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক
নাটোরে বিমানমন্ত্রীর সভাস্থল থেকে পিস্তলসহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক |নয়া দিগন্ত

নাটোরে উত্তরা গণভবনের সামনে শুক্রবার বিকেলে পথসভা করার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সভাস্থলের পাশ থেকে পিস্তলসহ নাটোরের প্রয়াত সাবেক জেলা বিএনপির অর্থ সম্পাদক শামসুল আলমের ছেলে শামস আল আমিন তামিম (২৯)-কে আটক করেছে পুলিশ। সে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর পথসভা চলছিল। সেখানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সকল নেতা উপস্থিত ছিলেন।

এ সময় খয়েরি রঙের পোশাক পরা এক যুবককে একটি পিস্তলসহ আটক করা হয়। পরে জানা যায়, আটককৃত যুবক তামিম নাটোরের প্রয়াত সাবেক জেলা বিএনপির অর্থ সম্পাদক সার ডিলার শামসুল আলমের ছেলে।

তিনি তার পরিবারের সাথেই নাটোর পৌরসভার কানাইখালী এলাকায় বসবাস করেন এবং পিতা শামসুল আলমের সার ডিলারের ব্যবসা দেখাশোনা করেন। তিনি তার বাবার লাইসেন্সকৃত পিস্তল পকেটে নিয়ে সমাবেশস্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন।

এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে পুলিশের দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেয়া হয়েছে।

এ সময় আটক যুবক তামিম দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সাথে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন। এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে বলেও ওসি জানান।

তবে অন্য একাধিক সূত্রে জানা গেছে, আটক তামিম দীর্ঘদিন ধরে নিয়মিত নেশাগ্রস্ত এবং এটি তার পিতার লাইসেন্সকৃত পিস্তল নয়। দেখতে প্রকৃত পিস্তলের মতো ওজন এবং রং হলেও এটি দারাজ থেকে কেনা তার একটি খেলনা পিস্তল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম বলেছেন, খেলনা পিস্তল হলেও কেন সে সমাবেশস্থলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।