প্রকৌশলী তুহিন

পাঁচ বছরে দেশের আর্থসামাজিক অবস্থার বিশাল পরিবর্তন হবে

‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দল বিএনপিকে আল্লাহ যদি রহমত দেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, তাতে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পর দেখবেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার একটা বিশাল পরিবর্তন হবে।’

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রকৌশলী তুহিন
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রকৌশলী তুহিন |নয়া দিগন্ত

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দল বিএনপিকে আল্লাহ যদি রহমত দেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, তাতে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পর দেখবেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার একটা বিশাল পরিবর্তন হবে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের মসজিদ ও অ্যাকাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কতক্ষণ ঘুমান, আমরা নিজেরাও জানি না। ১৬ থেকে ১৭ ঘণ্টা নিজে কাজ করেন। সকাল ৯টার মধ্যে সচিবালয়ে যান। রাত ১১টা-১২টায় বাসায় ফেরেন। তিনি হেঁটে মন্ত্রণালয়ে যান। সকালবেলা চেক করেন, ৯টার মধ্যে কোন মন্ত্রী অফিসে আসলেন, কোন মন্ত্রী আসলেন না। এই শ্রমটা আমাদের দরকার। এরকম লিডারশিপ আমাদের দরকার, আমাদের দেশের মানুষের জন্য।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক মো: গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো: হাজেরুল ইসলাম ও তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এছাড়াও স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শহিদুল ইসলাম।