পাকুন্দিয়ায় ৩২ হাজার শিশুকে দেয়া হচ্ছে হাম-রুবেলা টিকা

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (সোমবার) থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
হাম-রুবেলা টিকাদান কর্মসূচি |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একযোগে ৩২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। ২৪৮টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

এ সময় উপস্থিত ছিলন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মো: নাজিবুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা বেগম প্রমুখ।

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় পৌরসভাসহ নয়টি ইউনিয়নের ২৪৮টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্রে একযোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্কুল পর্যায়ে চার হাজার সাত শ’ ৭৬ জন শিশুকে এবং ছয় মাস থেকে পাঁচ বছরের নিচে আরো ২৭ হাজার তিন শ’ ৬৮ জন শিশুসহ মোট ৩২ হাজার এক শ’ ৪৪ জন শিশুকে এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

এ বিষয়ে পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান বলেন, সারাদেশে আশঙ্কাজনক হারে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার পাঁচ বছরের নিচে সকল শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করেছে। সে লক্ষ্যে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (সোমবার) থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।