বরিশালে খেলাঘরের সম্মেলন ও শিশু সমাবেশ

Location :

Barishal

বরিশাল ব্যুরো
‘আমরা চাই কি, শিক্ষা শান্তি- আমরা কারা, শান্তির পায়রা’ এই স্লোগান নিয়ে বরিশাল নগরীতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বরিশাল জেলা খেলাঘরের ‘সম্মেলন ও শিশু সমাবেশ। শুক্রবার (১৯ জুন ) সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি তার বক্তব্যে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ। খেলাঘরের মতো সংগঠন শিশুদের সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন (ভারপ্রাপ্ত) ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর। বক্তারা খেলাঘরের দীর্ঘ পথচলা এবং শিশুদের অধিকার রক্ষায় সংগঠনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

দিনব্যাপী এই আয়োজনে বরিশাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক শিশু, খেলাঘরের স্থানীয় সংগঠক ও অভিভাবকরা অংশ নেন।