বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সাইকেল, বৃত্তির অর্থ ও সেলাই মেশিন বিতরণ

‘শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এছাড়া নারীদের মাঝে বিতরণ করা সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Location :

Badalgachhi
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, (ডানে) নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, (ডানে) নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ |নয়া দিগন্ত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির অর্থ এবং উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘সরকার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’

তিনি বলেন, ‘কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সাথে নিয়েই দেশ এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেয়ায় তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এছাড়া নারীদের মাঝে বিতরণ করা সেলাই মেশিন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপজেলার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার থেকে নির্বাচিত ৩৮ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ২৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির অর্থ এবং ২৫ জন উপকারভোগী নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।