মুন্সীগঞ্জের শ্রীনগরে পাটাভোগ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ শেখের নির্দেশে আমির হোসেন (৪৩) নামে এক সিঙ্গাপুর প্রবাসীরকে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় তার গলায় থাকা স্বর্ণের চেইন ও পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও করেন ভুক্তভোগী প্রবাসী।
বুধবার (৮ জুলাই) রাতে ভুক্তভোগী প্রবাসী এ বিষয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও দাখিল মাদরাসার কাছে গোপালের চায়ের দোকানের সামনে তিনি হামলা ও ছিনতাইয়ের শিকার হন।
ভুক্তভোগী আমির হোসেন পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের জয়নাল মোল্যার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও গ্রামের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ শেখের নির্দেশে ১০-১২ জন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে প্রবাসী আমির হোসেনকে ডেকে নিয়ে মারধর করে। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও প্যান্টের পকেট থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ শেখ বলেন, অভিযোগকারীর সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছে, আর কিছু হয়নি।
এ বিষয়ে জানতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়ার ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।



