দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস খোলার পাঁচ ঘণ্টার মাথায় জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে আবারো অগ্নিসংযোগ করেছে অফিসটিতে।
প্রায় ২০ মাস বন্ধ থাকার পর রোবার (১৫ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খোলা হয়। সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে ৪০-৫০ জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কার্যালয়ে এসে অবস্থান নেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে প্রবেশ করেন। স্লোগানে তারা আরোও বলেন, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা চলে যান। তারা অফিসটি অবিলম্বে সংস্কার করে এখন থেকে নিয়মিত বসবেন বলে জানান।
এ সময় অফিসে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বিথী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনার পাঁচ ঘণ্টার মাথায়, অর্থাৎ বিকেলে দিনাজপুরের জুলাই যোদ্ধারা সংঘবদ্ধ হয়ে ভগ্নপ্রায় আওয়ামী লীগ অফিসে আসেন এবং অগ্নিসংযোগ করেন। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। সকালে আওয়ামী লীগের অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।



