কক্সবাজারের চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আইনজীবীর পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বুধবার (৩ জুন) ভোর ৪টার দিকে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী উকিলপাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ার বাড়িতে চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টু পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার দিন তিনি স্ত্রীসহ পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত বাড়িতে ছিলেন। তার দুই ছেলেও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে মুখোশধারী ৫-৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এসময় ডাকাতরা আইনজীবীর পুত্রবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, ‘ডাকাতদল আমার বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে চার ভরি স্বর্ণালংকার, দুই লাখ নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে।’
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের শনাক্তে মাঠে কাজ শুরু করেছে।’



