ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ভূমি অফিস ২০২৫–২৬ অর্থবছরে রাজস্ব আদায় ও জনসেবা প্রদানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সর্বমোট তিন কোটি ৩৮ লাখ পাঁচ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি উন্নয়ন করের সাধারণ দাবি বাবদ এক কোটি তিন লাখ ৪৯ হাজার ৫২৩ টাকা আদায় করা হয়, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ। এছাড়া সরকারি সংস্থার ভূমি উন্নয়ন কর বাবদ ৮২ লাখ ৩৭ হাজার ৩৪৫ টাকা আদায় হয়েছে, যা এ যাবৎকালে সর্বোচ্চ আদায়ের পরিমাণ বলে জানানো হয়।
অর্পিত সম্পত্তির লিজমানি বাবদ ১৫ লাখ ৭৬ হাজার ৪৯৮ টাকা, অনুমোদিত নামজারি বাবদ ৯৮ লাখ ৯০ হাজার টাকা ও অননুমোদিত/বাতিল নামজারি বাবদ দুই লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায় করা হয়।
এছাড়া হাট-বাজার একসনা বন্দোবস্ত বাবদ ৮ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা এবং জলমহাল ইজারা বাবদ সাত লাখ ৩৭ হাজার ৬১২ টাকা আদায় করা হয়।
রাজস্ব আদায়ের পাশাপাশি আইনশৃঙ্খলা ও ভূমি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধেও ভূমি অফিসের কার্যক্রম ছিল উল্লেখযোগ্য। ২০২৫–২৬ অর্থবছরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১৫৬টি মামলায় ১৮ লাখ ৭৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিভিন্ন আইনের আওতায় পরিচালিত হয় ৩৯টি অভিযান। এছাড়া ২০টি মামলায় ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
জনসেবা কার্যক্রমের অংশ হিসেবে ৩৭০টি মিস কেস নিষ্পত্তি করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় ৫৫০টি মামলার প্রতিবেদন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৭৫টি সিআর মামলার প্রতিবেদন ও দেওয়ানি মামলায় ২৫০টি এসএফ ও ২০০টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলার প্রতিবেদন প্রেরণ করা হয়।
আদালতের রায় ও ডিক্রির প্রেক্ষিতে একাধিক মামলায় বিজয়ী পক্ষকে দখল বুঝিয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে সরকারি বেদখলকৃত খাস জমিও উদ্ধার করা হয়।
ভূমি অফিস সূত্রে আরো জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক নিয়মিত গণশুনানির মাধ্যমে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা শুনে বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রতিকার দেয়া হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদরুল আলম বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা, হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম অব্যাহত থাকবে।’


