কালিয়াকৈরে মুদি দোকানে হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১

পোষাক কারখানায় রাতের পালায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শ্রমিকরা নিত্যপণ্য কেনাকাটা করে বাড়ি ফিরে। এ সময় প্রায় ছিনতাই, হামলার ঘটনা ঘটে।

মীর মোহাম্মদ ফারুক, কালিয়াকৈর (গাজীপুর)

Location :

Gazipur
গাজীপুরের ম্যাপ
গাজীপুরের ম্যাপ |ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মুদি দোকানের পন্য বাকিতে না দেয়ায় দোকানে দফায় দফায় হামলা, দোকানিকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকী ও মারধরের ঘটনা ঘটেছে। মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে এঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঘটনার সাথে জড়িত মো: ফারুক নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি রামদা ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে ২০০ মিটার দূরে মৌচাক বাজারের সেন্টু মিয়ার মালিকানাধীন তাসিন ভ্যারাইটি স্টোর থেকে মো: ফারুক নামে স্থানীয় এক মাস্তান যুবক তিন হাজার ৬০০ টাকা মূল্যের মুদি মালামাল বাকিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষে বচসা হয়। পরে ঐ ফারুকের নেতৃত্ত্বে সাত-আটজনের একদল যুবক দেশীয় অস্ত্রসহ ঐ দোকানে দফায় দফায় হামলা চালিয়ে দোকানদার সেন্টু মিয়া ও তার স্ত্রী রিপা আক্তারকে মারধর করে।

এ সময় আশপাশের অন্য দোকানদাররা প্রতিবাদ জানালে অস্ত্রধারীরা পাশের খান ফার্মেসি নামে একটি ঔষধের দোকানে হামলা চালায় এবং ঔষধের দোকানদার আল আমিনকেও মারধর করে। পরে ঘটনার সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে মৌচাক বাজার সংলগ্ন জনৈক মোহাম্মদ আলীর বাড়ি থেকে মূল অভিযুক্ত মো: ফারুককে আটক করে। এসময় পুলিশ ৫টি রামদা ও ৪টি বাঁশের লাঠি উদ্ধার করে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, রাত ১১টার দিকে মৌচাক বাজারে দোকানে হামলা ভাঙচুরের খবর পেয়ে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সংবাদের সত্যতা পান এবং পাশের মোহাম্মদ আলীর বাড়ি থেকে পাঁচটি রামদা, চারটি বাঁশের লাঠিসহ মূল অভিযুক্ত মো: ফারুককে আটক করেন।

তিনি আরো জানান, পরবর্তি ব্যবস্থা গ্রহণের জন্য বাদি সেন্টু মিয়াকে থানায় ডাকা হয়েছে।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার মৌচাক একটি শিল্প অধ্যূষিত এলাকা। পোষাক কারখানায় রাতের পালায় ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শ্রমিকরা নিত্যপণ্য কেনাকাটা করে বাড়ি ফিরে। এ সময় প্রায় ছিনতাই, হামলার ঘটনা ঘটে।