জামালপুর প্রতিনিধি ও মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
এর মধ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী (তালতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন— মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। তারা দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকা বাসিন্দা বলে জানা গেছে।
আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি বেতমারী (তালতলা) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: উজ্জ্বল কুমার সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দু’জন নারী মারা গেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।
অন্যদিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার চাপায় নাজনিন নাহার (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।



