হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে নারীসহ ৫ জনকে কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Dinajpur
হিলির চুড়িপট্টি এলাকায় অভিযান
হিলির চুড়িপট্টি এলাকায় অভিযান |নয়া দিগন্ত

দিনাজপুরের হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় সেখানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মরহুম রহিম উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫৫), তার ছেলে রাজু খান (৩৮), ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘হিলিকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সংবাদ পায় হিলির চুড়িপট্টি এলাকায় জনৈক শিউলি বেগমের বাড়িতে মাদক কেনা-বেচা ও সেবন চলছে। সেই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ সময় মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে চারজনকে এক বছর করে কারাদণ্ড এবং শিউলি বেগমকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।’

জনস্বার্থে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাকির হোসেন।