রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় ব্যবসায়ী নুরুজ্জামানের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বসতঘরে তালা লাগিয়ে পাশের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান।

শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ফোনে তাকে জানানো হয়।

খবর পেয়ে বাড়িতে এসে তিনি দেখতে পান, ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। তাঁর দাবি, রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বসতবাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রূপগঞ্জে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।