ভোলাহাটের অসুস্থ রেবিনার বাঁচার আকুতি

পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিতে ছুটে যান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওষুধ খাওয়া চলতে থাকে। কিন্তু সুস্থতার চেয়ে আরো খারাপ অবস্থা হয় তার।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

Location :

Bholahat
বিছানায় কাতরাচ্ছেন অসুস্থ রেবিনা
বিছানায় কাতরাচ্ছেন অসুস্থ রেবিনা |নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের শিকারি সরকারি আশ্রয়ণ প্রকল্পের তিন নম্বর বাড়িতে আশ্রয় নিয়েছেন তালাকপ্রাপ্তা মোসা: রেবিনা (৫০)। তার স্বামী ২৫ বছর আগে তাকে তালাক দিয়ে দুই বছরের ছেলেকে তার কাছে রেখে চলে যান।

রেবিনার সম্পদ বলতে আছে কেবল নিজের হাত-পা। ছোট্ট শিশুকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে চলতে থাকে তার জীবন। খেয়ে না খেয়ে দীর্ঘ পথ চলতে চলতে আশ্রয়হীন রেবিনার মাথাগোঁজার ঠাঁই হয় সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে।

শিশুটি ধীরে ধীরে বেড়ে উঠে। সন্তান সংসারের হাল ধরলে একদিন সুখের মুখ দেখবেন এমন আশায় দিন কাটছিল তার। এমন সময় পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিতে ছুটে যান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওষুধ খাওয়া চলতে থাকে। কিন্তু সুস্থতার চেয়ে আরো খারাপ অবস্থা হয় তার।

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: রইছ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে বলেন, রেবিনার হৃদযন্ত্রের দু’টি ভাল্বই নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য গুনতে হবে প্রায় ৫ লাখ টাকা।

এ টাকা জোগাড় করার মতো কোনো সামর্থ্য তার নেই। তাকে বাঁচাতে এলাকার হৃদয়বান ব্যক্তিরা বিভিন্নভাবে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। রেবিনা বিছানায় ছটফট করতে করতে কেঁদে কেঁদে দেশ-বিদেশে সবার কাছে অর্থ সহায়তা চেয়েছেন। তিনি চিকিৎসার জন্য সহায়তা করতে তার ছেলে মো: নাঈমের ০১৩১৯৫০৩৫৬১ (বিকাশ) ও ০১৯১৯৫০৩৩৭৩ (নগদ) নম্বরে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন।