গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমানকে (৫) হত্যার ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সাজাপ্রাপ্তের নাম বাবু ইসলাম (২২)। এই ঘটনায় অপর আসামি বেকসুর খালাস পেয়েছেন।
বাবু ইসলাম দিনাজপুর জেলার কাহারুল থানার গুলিয়ার গ্রামের মরুহুম আব্দুল জব্বার আলীর ছেলে। সোমবার (১৮ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, শিশু নোমান বানিয়ারচালাধীন হাজী মোহাম্মদ আলীর ছেলে। সে ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সাথে খেলতে যায়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা শিশু নোমানের খোঁজ করতে থাকে। একপর্যায়ে খেলার সাথীদের কাছে জানতে পারে আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে গেছে।
জিজ্ঞাসাবাদে বাবু জানায়, শিশু নোমানকে হত্যা করে তার লাশ স্কুল ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মহানগরের সাতাইস এলাকায় একটি ময়লাস্তুপে ফেলে আসে। পরবর্তীতে আসামীর স্বীকারোক্ত অনুযায়ী পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ভিকটিমের বাবা হাজী মোহাম্মদ আলী জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন। মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে (২৪৬০/২২) আসামি বাবুকে যাবজ্জীবন সাজা দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজিবুর রহমানকে আদালত খালাস দেন।



