বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ পেট্রোল মজুদ ও বিক্রির অভিযোগে দু’জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাচঁপীর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল ইসলাম।
জানা যায়, উপজেলার পাঁচটি বাসায় তল্লাশি চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখায় এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড ও অপর ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম বলেন, ‘অভিযানে অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’
জব্দ জ্বালানি তেল ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযানে বোদা থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণ সহযোগিতা করেন।



