ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর ঘাটপাড় এলাকায় অভিযান চালায় ধোবাউড়া থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভর্তি ১৩ বস্তা ভারতীয় মদ জব্দসহ তিনজনকে আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটকরা হলেন— জাহাঙ্গীর আলম (২৭), তানজিমুল মন্ডল (২৩) ও সাইদুল ইসলাম (৪২)। তাদের মধ্যে জাহাঙ্গীর ও তানজিমুল রংপুরের বাসিন্দা এবং সাইদুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



