গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অটোভ্যান চালক নুর আলম।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর বিকেলে দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি অটোভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।



