রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিকে ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বাটার মোড়ে জড়ো হন। সেখানে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটি মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা হাবীবা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ঈশা।
মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।



