মাদারীপুর জেলা বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাংচুর

শুক্রবার রাত ১০টার দিকে সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ভাংচুর করা জানালার গ্লাস ও মোটরসাইকেল
ভাংচুর করা জানালার গ্লাস ও মোটরসাইকেল |নয়া দিগন্ত

মাদারীপুরে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) রাতে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে দিয়ে চিৎকার-চেচামেচি শুরু করেন। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোহরাব হাওলাদারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কারা এ হামলা চালিয়েছে তাদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।