গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

মেসার্স দুই বোন এন্টারপ্রাইজ থেকে ১৬০০ লিটার ও মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী)

Location :

Patuakhali
পটুয়াখালীর ম্যাপ
পটুয়াখালীর ম্যাপ |ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে পরিবহনের সময় দু’টি ট্রলার থেকে প্রায় দুই হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ট্রলারঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারে অভিযান চালিয়ে মেসার্স দুই বোন এন্টারপ্রাইজ থেকে ১৬০০ লিটার ও মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ট্রলার দু’টি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চর আন্ডা রুটে চলাচল করে বলে জানা গেছে।

অভিযানের ট্রলার মালিকদের কাউকে পাওয়া যায়নি। তবে শ্রমিকদের উপস্থিতি থাকায় কাউকে আটক বা কারাদণ্ড না দিয়ে জব্দকৃত ডিজেল গলাচিপা থানার হেফাজতে রাখা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন গলাচিপার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন। এসময় সহকারী পুলিশ সুপার মো: সৈয়দুজ্জামান, গলাচিপা থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো: জিল্লুর রহমানসহ একাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আব্দুল আল মামুন বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে সরকারি রাজস্ব কোষাগারে জমা দেয়া হবে।’