নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত হলদা গ্রামের স্কুলশিক্ষক শহিদুল্লার মেয়ে।
নিহত নুসরাতের বাবা শহিদুল্লাহ জানান, তার মেয়ে নুসরাত সকালে বাড়িতে খেলা করছিল। পরিবারের সদস্যরা বাড়িতে নতুন দালানঘর নির্মাণ কাজে সহযোগিতা করছিলেন। খেলার ফাঁকে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। উঠানে নুসরাতকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে নুসরাতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।



