লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি ও ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: খোকন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ভেলাবাড়ী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খোকন মিয়া পূর্ব ভেলাবাড়ী গ্রামের ছকমল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ২৫ জুন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। পরে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নিয়ে মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করে।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হলেও চালক খোকন মিয়া পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে আত্মগোপনে থাকা খোকন মিয়াকে বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, খোকন মিয়ার বিরুদ্ধে মাদক মামলা হওয়ার বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। জেলা কমিটির নির্দেশনা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।



