হাতিয়ায় হান্নান মাসউদের গাড়ি বহরে হামলা, আহত ৫০

হাতিয়ায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Location :

Hatia
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলার জেরে বিএনপি ও  এনসিপি কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন
হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলার জেরে বিএনপি ও এনসিপি কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন |নয়া দিগন্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ সংঘর্ষ অব্যাহত ছিলো।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নির্বাচনত্তোর সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের লোকজন সংঘটিত হয়ে তার গাড়িবহরে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষ রাস্তায় অবস্থান নিলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।

সংঘর্ষে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও উপপরিদর্শক শহীদুল ইসলামসহ বিএনপি ও এনসিপির প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ সময় এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, তিনি ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখে ফেরার পথে স্থানীয় বেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে তার গাড়িবহরের পেছন থেকে হামলা চালানো হয়। তিনি দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রকল্প বাজারে হান্নান মাসউদ উস্কানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যের পর তার দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির কার্যালয় ভাঙচুর করে। পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন প্রতিরোধের চেষ্টা করে।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংঘর্ষে পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ ও এএসআই শহীদুল ইসলামসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।