মোরেলগঞ্জ (বাগেরহাট), সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফাজিল (ডিগ্রী) মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ১৩ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নের গুলিশাখালী মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।
মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলিশাখালী ফাজিল মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে আতিয়ারের লাশ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো: গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ শেষে আতিয়ার নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে। প্রচুর বৃষ্টি, কাদায় নির্মাণ শ্রমিকেরা কোনো সেপটিক হেলমেট, বুট বা পোশাক ছাড়াই কাজ করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাদামাটির চাপে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
ওসি মো: মাহমুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



