ভোটকেন্দ্রে হামলায় আহতদের দেখতে গেলেন জামায়াত প্রার্থী মানিক

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী মাদরাসা কেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে হামলায় আহত জামায়াত কর্মীদের পাশে ফখরুদ্দিন মানিক
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে হামলায় আহত জামায়াত কর্মীদের পাশে ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞার কোরাইশ মুন্সী ভোটকেন্দ্রে জামায়াত কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলায় আহতদের দেখতে গিয়েছেন জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি তাদের দেখতে রাজাপুর ইউনিয়নে যান।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী মাদরাসা কেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন।

শুক্রবার আহত জামায়াত ও শিবিরের কর্মী কাজী সাইফুল ইসলাম রায়হান, মো. ইমাম হোসেন মানিক, কাজী আমিরুল ইসলাম জন্টু ও সাখাওয়াত হোসেনের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন, দাগনভূঞা উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন, রাজাপুর ইউনিয়ন আমির মাওলানা আব্দুজ জাহের, ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান, ডেভেলপমেন্ট পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনির উদ্দিন মনির, ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ।

এ সময় ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, "ফেনী-৩ আসনেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের অনেক এজেন্টের ওপর হামলা হয়েছে, কয়েকজনকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি আরো বলেন, প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিপক্ষদের প্রতি সুন্দর ও সহনশীল আচরণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।