ঝড়ে নড়িয়ায় পদ্মায় ডুবল সিমেন্টবাহী ৩ ট্রলার

দুপুরের দিকে ট্রলারগুলো নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ করে আবহাওয়ার অবনতি ঘটে। মুহূর্তেই শুরু হয় ঝড়ো হাওয়া, সঙ্গে উত্তাল ঢেউ। পরিস্থিতি বেগতিক দেখে চালকরা দ্রুত ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রবল ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে তিনটি ট্রলারই নদীতে ডুবে যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Naria
তীরে পৌঁছার আগ মুহূর্তে ডুবে যায় একটি ট্রলার
তীরে পৌঁছার আগ মুহূর্তে ডুবে যায় একটি ট্রলার |সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ের আঘাতে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে পারায় প্রাণহানি এড়ানো গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, পিরোজপুরের ইন্দুরকানি ও বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ছয় হাজার ব্যাগ সিমেন্ট বহন করছিল ট্রলারগুলো।

দুপুরের দিকে ট্রলারগুলো নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ করে আবহাওয়ার অবনতি ঘটে। মুহূর্তেই শুরু হয় ঝড়ো হাওয়া, সঙ্গে উত্তাল ঢেউ। পরিস্থিতি বেগতিক দেখে চালকরা দ্রুত ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রবল ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে তিনটি ট্রলারই নদীতে ডুবে যায়।

হঠাৎ এই বিপর্যয়ে ট্রলারে থাকা শ্রমিক ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জীবন বাঁচাতে সবাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, ঝড়ের সময় পদ্মা ছিল অত্যন্ত উত্তাল। ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে বড় ট্রলারও টিকতে পারেনি। মুহূর্তের মধ্যে ট্রলারগুলো পানির নিচে তলিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল সাংবাদিকদের জানান, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা সবাই নিরাপদে তীরে উঠতে পেরেছেন, ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।