জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বড় ভাই রিয়াদকে (১২) জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার মহিষবাথান এলাকার ঝারকাটা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে লিজা ও তার বড় ভাই রিয়াদ বাড়ির পাশের ঝারকাটা নদীতে গোসল করতে যায়। এক সময় পানিতে তলিয়ে গিয়ে দুই ভাই-বোনই নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রিয়াদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিজা মনির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার রইস উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা নদী থেকে দু’জনকে উদ্ধার করি। রিয়াদ সুস্থ থাকলেও লিজা মনিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত লিজার বাবা রবিউল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার দুই ছেলে-মেয়ে একসাথেই নদীতে নেমেছিল। চোখের পলকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। রিয়াদকে ফিরে পেলেও কলিজার টুকরো লিজা আর কোনোদিন বাবা বলে ডাকবে না।



