মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ও কেদারপুর কোরবানির হাট ইজারা কার্যক্রমে অনিয়ম, প্রভাব বিস্তার ও সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এক ইজারাদার।
আবেদনকারী সফিকুল ইসলাম অভিযোগ করেন, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে প্রথম ডাকের দরপত্রে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন ব্যক্তি ও ইজারাদারদের ওপর প্রভাব ও প্রলোভন সৃষ্টি করে। উদ্দেশ্য ছিল পরবর্তীতে কম মূল্যে বা বিশেষ সুবিধার মাধ্যমে হাট ইজারা নেয়া। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, সকল চাপ ও প্রলোভন উপেক্ষা করে তিনি প্রথম ডাকেই দরপত্রে অংশগ্রহণ করেন এবং সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা লাভ করেন। কেদারপুর হাটের সম্ভাব্য দরমূল্য প্রায় ৬৬ লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।
লিখিত আবেদনে আরো বলা হয়, একটি প্রভাবশালী চক্র এখনো কূটকৌশলের মাধ্যমে সরকারি স্বার্থ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যেতে পারে।
তাই বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ইজারা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



