চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সঙ্কট প্রতিরোধে কোস্ট গার্ড ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন রাতে গণমাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছিল। বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একাধিক দোকানে অতিরিক্ত দাম আদায়, মূল্য তালিকা হালনাগাদ না করা, খাদ্যদ্রব্যের সাথে অবৈধ কেমিক্যাল সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ এবং খোলা বোতলে ভোজ্য তেলের পরিমাণ কম পাওয়া যায়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
তিনি আরো জানান, জনস্বার্থে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সঙ্কট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



