মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়াল সাড়ে ৩০০

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চলতি মৌসুমে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৫ রোগী।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু |নয়া দিগন্ত

মাদারীপুরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫। গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ হাসপাতালে ভর্তি আছে ৩২ শিশু। আরো ২৪ ঘণ্টায় হাসপাতাল ত্যাগ করেছে ১৪ জন।

শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চলতি মৌসুমে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬৫ রোগী।

এরমধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে ৩৬ জনকে। হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদা একটি ইউনিট খোলা হয়েছে। ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা দিচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক।

শহরের ইটেরপুল থেকে শিশু আরশির দাদা সাঈদ মুন্সি বলেন, ‘হঠাৎ কাঁশি তার সাথে বমি শুর হয়। শরীরের দেখা দেয় গুঁড়ি গুঁড়ি ঘামাচি। প্রথমে প্রাইভেট হাসপাতাল, পরে সরকারি হাসপাতালে নিয়ে আসি। চারদিন ধরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী এখন কিছুটা সুস্থ্য।’

লঞ্চঘাট এলাকার হামে আক্রান্ত শিশু জোবায়ের মা ইসরাত জাহান বলেন, ‘পাঁচদিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালের বিছানায়। দুইদিন ধরে কিছুটা উন্নতি হয়েছে। টিকা দেয়ার পরও আক্রান্ত হওয়ায় প্রথমে মেয়েকে নিয়ে দুঃচিন্তায় ছিলাম।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: অখিল সরকার জানান, শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্কিত না হয়ে তাৎক্ষনিক হাতের কাছে সরকারি হাসপাতালে ছুটে আসতে হবে। পাশাপাশি শিশুদের তরলজাত খাবার খাওয়াতে হবে। এছাড়া এই রোগের প্রতিরোধক টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত মজুদ রয়েছে।