একসাথে বিষপান, প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর মারা গেলেন প্রেমিকও

কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। তবে, বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Sadullapur
বিষপানে প্রেমিকার পর প্রেমিকেরও মৃত্যু
বিষপানে প্রেমিকার পর প্রেমিকেরও মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকার একসাথে বিষপানের ঘটনায় প্রেমিকা মিম আক্তারের (১৯) মৃত্যুর পাঁচ দিন পর মারা গেছেন প্রেমিক মোরসালিন হাসান পরশ প্রধান (২১)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় পরশ প্রধানের মৃত্যু হয়। এর আগে, গত রোববার (১৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়।

নিহত পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, মিম আক্তারের সাথে মোরসালিন হাসান পরশ প্রধান দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম-ভালোবাসা করে আসছিল। কয়েক মাস আগে মিম আক্তারের অন্যত্র বিয়ে হয়। তবে, বিয়ের পরও মিম ও পরশের মধ্যে গোপনে প্রেম-ভালোবাসা চলছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় উভয়ের মধ্যে অভিমানের সৃষ্টি হয়। এই অভিমান থেকে ১৭ এপ্রিল সকালে সবার অগোচরে দু’জনই বিষপান করে।

এরপর স্বজনরা বিষয়টি বুঝতে পেরে মিম আক্তারকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। অপরদিকে ১৯ এপ্রিল সকালে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) পরশ প্রধানের মৃত্যু হয়।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, কয়েকদিন আগে বিষপানে জয়েনপুর গ্রামে মিম আক্তার নামের এক মেয়ের মৃত্যু হয়েছে। এরপর একই ঘটনায় আজ (শুক্রবার) সকালে পরশ প্রধান নামে এক ছেলের মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, এর আগে মিম আক্তার নামের এক নারীর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তবে, পরশ প্রধানের মৃত্যুর ব্যাপারটি এখন জানা নেই।