নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (২৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া সিএন্ডবি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে এবং শরিফপুর বাজারে সিমেন্টের খুঁটির ব্যবসা করতেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে সোহেল নিজের কারখানার তৈরি সিমেন্টের খুঁটি ডেলিভারি দেয়ার জন্য ট্রাকযোগে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। মালবোঝাই ট্রাক শিবপুরের সিএন্ডবি বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকচালক দ্রুত ট্রাক নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে ট্রাকের উপরে বসে থাকা সোহেল ছিটকে নিচে পড়ে যান। এ সময় ট্রাক থেকে সিমেন্টের খুঁটি তার শরীরের উপরে পড়লে সিমেন্টের খুঁটির চাপে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কুহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



