ছাত্রীকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাবি ভিসি অধ্যাপক ফরিদুল ইসলাম।
এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
ভিসি ফরিদুল ইসলাম বলেন, ‘অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুটি কমিটি করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘প্রভাস কুমারের বিরুদ্ধে নারীকে যৌন হয়রানি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। অভিযোগের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম এবং আমাদের এখানে যে যৌন নিপীড়ন সেল আছে তাদের মাধ্যমে আমরা দুইটি তদন্ত কমিটি গঠন করি।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেয়া হয়েছিল। এরপর ১৩ আগস্টের সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্থায়ী অপসারণ করা হয়েছে।’
এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে।
পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। বিস্তারিত তদন্ত ও সব ধরণের দাফতরিক প্রক্রিয়া শেষে, বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।



