পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিজ আইনজীবীকে কুপিয়ে আহত করার ঘটনায় মো: জাকির হোসেন ফরাজীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সুবিদখালী কলেজ রোডস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাকির ফরাজী উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মরহুম মোতালেব হোসেন ফরাজীর ছেলে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
আহত আইনজীবী আলীম মল্লিক আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।
জানা গেছে, একটি মাদক মামলায় গত ৯ আগস্ট আদালতে হাজিরার তারিখে আসামি জাকির অনুপস্থিত থাকায় আইনজীবী সময়ের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তা না মঞ্জুর করে আসামির নামে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জাকিরকে জানালে তিনি এ ঘটনায় ক্ষুব্ধ হন। পরে রাত ৮টার দিকে আইনজীবী আলীম আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয় গ্রামে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে আছে জানতে পেরে জাকির মোটরসাইকেলে সেখানে যান ও হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আইনজীবীকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আলীমকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান জানান, একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানায় জাকিরকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জাকিরকে আদালতে পাঠানো হয়েছে।



