বন্দরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
যুবককে কুপিয়ে হত্যা
যুবককে কুপিয়ে হত্যা |ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিনে দুপুরে জুয়েল (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ১৯ নম্বর ওয়ার্ড বন্দরের শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার জুয়েল বন্দরের শান্তিনগর এলাকার মরহুম তাজুল ইসলামের ছেলে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নিহত জুয়েলের বড় ভাই সোহেল জানান, সম্প্রতি বন্দরের মদনগঞ্জ শান্তিনগর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার ছোট ভাই জুয়েল মাদককারবারি গেসু, ডিস দুলাল ও মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার সীমান্ত, ফাহিম, আকাশ ও আশিক গংদের মাদক ব্যবসায় বাধা প্রদান করে। এ নিয়ে ছোট ভাই জুয়েলের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা পালিয়ে যায়।

তিনি প্রশাসনের কাছে ছোট ভাই জুয়েল হত্যার বিচার দাবি জানান।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। জুয়েলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম হত্যাকারিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।