জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, চব্বিশের জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না। তাদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সাহস আগামী প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।
শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন।
মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের ত্যাগও জাতির কাছে স্মরণীয়। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসাথে জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এ টি এম শামসুদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজির উদ্দিন প্রমুখ।



